নেতিবাচকতা পেছনে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রত্যাশায় টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
নানা সমালোচনার মাঝেও বাংলাদেশ দলের টিম স্পিরিটে সন্তুষ্ট সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার বিশ্বাস, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করবে টাইগাররা। যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানোর সিদ্ধান্তে কিছুটা অসন্তুষ্ট তিনি।
বিসিবি সভাপতি গণমাধ্যমে বলেন, “এই দলটার স্পিরিট ভালো লেগেছে। টি-টোয়েন্টি খুবই অপ্রত্যাশিত ফরম্যাট। যদি ভালো খেলতে পারি, আরও দূরে যেতে পারব।” তিনি জানান, টিম ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে এবং আপাতত শ্রীলঙ্কা নিয়েই ভাবছে।
বুলবুল বলেন, “গত ম্যাচে দলের সমন্বয় ছিল বেমানান। সাড়ে চারটা বোলার নিয়ে খেলেছি, তারপরও দল ব্যাকআপ করেছে।”
হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় সুপার ফোরে ওঠার সমীকরণ জটিল হয়ে পড়ে। আফগানিস্তান জিতলে টাইগারদের বিদায় নিশ্চিত হতো। যদিও শেষ পর্যন্ত সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, তবুও সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা—শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগারদের অগ্রগতি।
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার অবশ্য এসব হিসাবকে গুরুত্ব না দিয়ে বলেন, “আমাদের এখন শুধু জয় নিয়ে ভাবতে হবে। রান রেট পরে দেখা যাবে।” তিনি লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন না।
এখন দৃষ্টি সুপার ফোরের প্রথম লড়াইয়ে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই শুভসূচনা করতে চায় লিটন-শান্তরা। নেতিবাচকতা পেছনে ফেলে দলীয় ঐক্য ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা।



