শ্রীলঙ্কা-আফগানিস্তানের লড়াইয়ে থাকছে বাংলাদেশও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
২০২৩ এশিয়া কাপে শ্রীলঙ্কা–আফগানিস্তানের সেই স্নায়ুক্ষয়ী ম্যাচটি এখনও ভোলেনি কেউ। লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাত্র ২ রানে হেরে সুপার ফোরে উঠতে পারেনি আফগানরা। এবার আবারও ভাগ্য নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার টি-টোয়েন্টি সংস্করণে।
আজ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচ ঘিরে জমে উঠেছে উত্তেজনা। কারণ, এই ম্যাচে শুধু দুই দলের নয়, বাংলাদেশ দলের ভাগ্যও জড়িয়ে আছে। শ্রীলঙ্কা জিতলে সহজ সমীকরণে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে চলে যাবে। কিন্তু আফগানিস্তান জিতলে আসবে জটিল নেট রানরেটের হিসাব।
অভিজ্ঞ আফগান অলরাউন্ডার গুলবদিন নাইব ম্যাচটিকে বলছেন গ্রেট গেম। তার ভাষায়, আমরা একে অপরকে খুব ভালো চিনি। টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সময় খুবই কম। সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী, কারণ এই কন্ডিশনে আমরা আগেও অনেক ম্যাচ জিতেছি।
নাইবের মতে, চাপটা শ্রীলঙ্কার ওপরই বেশি থাকবে, আমরা এ ধরনের পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। শ্রীলঙ্কা ভালো দল, তবে চাপে থাকবে তারাই।
গ্রুপ ‘বি’ আগেই ‘মৃত্যুকূপ’ হিসেবে চিহ্নিত হয়েছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান—তিন দলেরই সমান সুযোগ ছিল। হংকং ছিল সফট টার্গেট, যাদের সবাই হারিয়েছে। তবে তিন দলের ভেতরে জটিল সমীকরণ তৈরি হয়েছে নিজেদের মধ্যকার ম্যাচে। শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়েছে, বাংলাদেশ হারিয়েছে আফগানিস্তানকে। আজ যদি আফগানরা লঙ্কানদের হারাতে পারে, তবে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হবে।
সংখ্যার বিচারে লঙ্কানরা এগিয়ে—টি-টোয়েন্টিতে মুখোমুখি ৮ ম্যাচে ৫ জয় তাদের। তবে মরুভূমির কন্ডিশনে আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ঘর মনে করে। পাওয়ারপ্লেতে কে এগিয়ে থাকবে, সেটাই ম্যাচের ফল নির্ধারণ করতে পারে।
বাংলাদেশি সমর্থকেরা স্বাভাবিকভাবেই আজ লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে থাকবে। বিষয়টি অনুধাবন করছে শ্রীলঙ্কা দলও। অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আমরা জানি বাংলাদেশের ভক্তরা আমাদের জয় দেখতে চায়। আমরাও ম্যাচটি জিততে চাই।
তবে পরশু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক নাসুম আহমেদ বলেছেন, সমর্থনের প্রশ্নে কোনো দল নয়—যা ভাগ্যে আছে, সেটাই মেনে নিতে প্রস্তুত আমরা।



