Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি বব সিম্পসন আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম

অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি বব সিম্পসন আর নেই

মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসন। ছবি: এক্স

অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের বর্ণিল অধ্যায়ের এক নাম বব সিম্পসন। খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও ধারাভাষ্যকার—সব ভূমিকাতেই রেখেছেন অসাধারণ ছাপ। শনিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া ৮৯ বছর বয়সী এই সাবেক অধিনায়ক ও প্রথম পূর্ণমেয়াদি কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে শোকাহত ক্রিকেটবিশ্ব।

মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় সিম্পসনের। অস্ট্রেলিয়ার হয়ে ৬২ টেস্টে তিনি করেন ৪ হাজার ৮৬৯ রান, গড়ে ৪৬.৮১। বল হাতে নিয়েছেন ৩১ উইকেট। ক্যারিয়ারের শেষ সময়ে ওয়ানডেতে অভিষেক হলেও খেলতে পেরেছিলেন মাত্র দুটি ম্যাচ।

১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত ২৯ টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেন তিনি। এর মধ্যে ১২টিতে দলকে জিতিয়েছেন। স্লিপ ফিল্ডিংয়ে ছিলেন অনন্য—১১০ ক্যাচ তাঁর প্রমাণ। অধিনায়ক হিসেবে করেছেন সবকটি ১০ সেঞ্চুরি। ১৯৬৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ক্যারিয়ার–সেরা ৩১১ রানের ইনিংস এখনও ইতিহাসে উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিল লরির সঙ্গে ৩৮২ রানের উদ্বোধনী জুটিও রেকর্ড হয়ে আছে।

১৯৬৮ সালে প্রথম অবসরে গেলেও বিশ্ব ক্রিকেটের সংকটময় সময়ে ফের মাঠে নামেন সিম্পসন। ৪১ বছর বয়সে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন।

পরবর্তীতে ১৯৮৬ সালে যখন অস্ট্রেলিয়ান ক্রিকেট ধারাবাহিক পরাজয়ে ডুবে যাচ্ছিল, তখন কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। অধিনায়ক অ্যালান বোর্ডারের সঙ্গে নতুন করে সাজিয়ে তোলেন দলকে। ডেভিড বুন, ডিন জোন্স, স্টিভ ওয়াহ, মার্ভ হিউজদের মতো তরুণদের তুলে এনে ১৯৮৭ বিশ্বকাপে দলকে দেন জয়ের স্বাদ। অস্ট্রেলিয়ার সোনালি যুগের নেপথ্যের স্থপতি হিসেবে সিম্পসনকে ধরা হয়।

১৯৮৭ সালে নির্বাচক প্যানেলেও যোগ দেন তিনি। তাঁর হাত ধরে উঠে আসেন মার্ক টেলর, শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ, ইয়ান হিলি, গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেইডেনদের মতো তারকা। বিশেষ করে ওয়ার্নের ‘রাউন্ড দ্য উইকেট’ বোলিংয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তিনি।

১৯৮৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার হারানো মর্যাদা ফেরানোর পর ২০০৫ সাল পর্যন্ত তা ধরে রাখে দল। যদিও সিম্পসন ১৯৯৬ সালে কোচিং দায়িত্ব ছাড়েন, তবে ফিটনেস ও ফিল্ডিংয়ে তাঁর গুরুত্বারোপ আজও অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির অংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন