‘ফখর ভুল বার্তা দিয়েছে ব্যাটিংয়ে’, কেন বললেন পাকিস্তান কোচ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ এএম
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সফরকারী ব্যাটাররা ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়, ফলে তাদের স্কোরবোর্ডে ওঠে স্রেফ ১১০ রান। জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ৩৯ বলে ৫৪ রানের হার না মানা ইনিংসে টাইগাররা ৭ উইকেটে জয় পায়।
তবে ম্যাচ শেষে হতাশা ঝরেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের কণ্ঠে। শুরুতে ফখর জামানের ব্যাটিংয়ের ধরন ভুল ব্যাখ্যা দিয়েছে বলেও মন্তব্য তার, ‘শুরুতে আমরা উড়ন্ত সূচনা পেলাম। ফখর জামান ৪-৫টি দারুণ শট খেলেছে। (ফখরের ব্যাটিং) সম্ভবত ভুল একটি বার্তা দিয়েছে এখানকার উইকেট সম্পর্কে। আমরা মাঝে নিজেদের মতো করে খেলতে পারিনি। বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বল এদিক-সেদিক করেছে অনেক। আমরা কিছু হাই রিস্ক শট খেলেছি যা অনেক চ্যালেঞ্জিং ছিল। শেষ দিকে কিছু রানআউটও হয়েছে।’
মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের
পাকিস্তানের কোচ মাইক হেসন
পরে অবশ্য ফখর জামানের এনে দেওয়া মোমেন্টনাম অন্যরা ধরে রাখতে পারেনি বলেও আক্ষেপ কোচ মাইক হেসনের, ‘ফখর ভালো শুরু এনে দিয়েছিল। উইকেটের চ্যালেঞ্জ জয় করে দারুণ কিছু শট খেলেছে। পরে আমরা তা ধরে রাখতে পারিনি। এডজাস্ট করতে পারিনি ঠিকভাবে।’
এমন উইকেটে খেলা চ্যালেঞ্জিং, তবুও এর সঙ্গে মানিয়ে নিয়েই ভালো খেলা উচিৎ বলে মন্তব্য পাকিস্তান কোচের, ‘হয়তো এটা (এমন উইকেট) বাংলাদেশকে সাহায্য করেছে। তবে আমি মনে করি, আগে ব্যাট করাটা চ্যালেঞ্জিং। আপনি জানবেন না, ১০০–১৩০–১৫০ কোনটি ভালো স্কোর হবে। এমন উইকেটে যে কেউ এক্সপোজ হয়ে যেতে পারে। এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবুও আমি বলব, যেকোনো উইকেটেই আমাদের আরও ভালো পারফর্ম করা উচিৎ। দল হিসেবে সামনে এটাই চাইব আমরা।’



