ছবি : সংগৃহীত
চার জাতির সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে নেপালের বিপক্ষে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচে ইনজুরি সময়ের শেষ মুহূর্তে তৃষ্ণা রাণীর ফিনিশিংয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।
কিংস অ্যারেনায় শনিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত সূচনা করে। প্রথমার্ধে ১৪ মিনিটে শিখা এবং ৩৭ মিনিটে সাগরিকার গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে—৫৪ মিনিটে মাঠে হাতাহাতির ঘটনায় সাগরিকা ও নেপালের এক ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
একজন কম নিয়ে খেলতে থাকা বাংলাদেশকে চাপে রাখে নেপাল। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় তারা। ৮৬ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে সমতায় ফেরে দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে উমহেলার পাস থেকে তৃষ্ণা গোল করলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে সিনিয়র স্তরের একাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন, যা প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ তৈরি করছে। ম্যাচ শেষে নেপালের খেলোয়াড়রা হতাশায় মাঠেই কান্নায় ভেঙে পড়েন। বাংলাদেশি খেলোয়াড়রা ও গ্যালারিতে উপস্থিত দর্শকরা জয়োল্লাসে মেতে ওঠেন।
এই জয় বাংলাদেশের শিরোপা অভিযানে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ নেপালও টুর্নামেন্টের অন্যতম দাবিদার। নিজ মাঠে জয় নিশ্চিত করে বাংলাদেশ শিরোপার দৌড়ে খানিকটা এগিয়ে গেল।



