ছবি- সংগৃহীত
গল টেস্টের দ্বিতীয় দিনে এসে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শ্রীলঙ্কা। ৮০ বলে গড়া ২৬৪ রানের দুর্দান্ত জুটি ভেঙেছে তারা, যখন নাজমুল হোসেন শান্ত মাত্র দুই রান দূরে থেকে তার দেড়শ রানের ইনিংস শেষ করেন। আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ধরা পড়েন শান্ত।
তবে আউট হওয়ার আগে শান্ত যা করে গেছেন, তা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ২৭৯ বলে ১৪৮ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা—এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক ডাবল সেঞ্চুরির প্রত্যাশা করলেও, শান্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০২ ওভারে ৪ উইকেটে ৩২৬ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (১১৯)* ও লিটন দাস (৮)*। দ্বিতীয় দিনের সকালে গলের উইকেটে কিছুটা সুইং থাকলেও ব্যাটাররা বেশ সাবধানী ছিলেন।
প্রথম দিনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ এখন শক্ত অবস্থানে। শান্ত-মুশফিকের জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তুলে দিয়েছে চালকের আসনে।
আরএস/



