Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগ

রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ

রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষককে পদোন্নতি দেওয়ার উদ্যোগ ঘিরে উঠেছে আর্থিক লেনদেনের অভিযোগ। এ নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফেরদৌস হাসান।

অভিযোগকারীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষকের পদোন্নতির ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করা হচ্ছে, তা স্পষ্ট নয়। তাঁদের অভিযোগ, এসব পদোন্নতির উদ্যোগের পেছনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ও জড়িত থাকতে পারে। যদিও এ অভিযোগের পক্ষে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সুপারিশে নিয়োগ পাওয়ার অভিযোগ থাকা একজন শিক্ষক এবং আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা সাবেক অধ্যক্ষকেও পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্র-জনতার আন্দোলনের পর সাবেক অধ্যক্ষকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরও তাঁকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

অভিযোগে আরও বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে পরিচিত শামীম আশরাফ এবং তাঁর স্ত্রী মুন্নীকেও পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাঁদের কোন পদে এবং কী যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের প্রশ্ন, আগামী ডিসেম্বরের আগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে, নাকি রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পাচ্ছে, তা নিয়েও জানতে চান তাঁরা।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফেরদৌস হাসান অভিযোগগুলো অস্বীকার করেন। তাঁর বক্তব্য, অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই। শিক্ষকদের পদোন্নতিতে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের ঘোষণাও দেন তিনি।

তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বক্তব্যের পরও পদোন্নতির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষকদের যোগ্যতা, পদোন্নতির নীতিমালা, গভর্নিং বডির সিদ্ধান্ত এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতি রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা, অভিজ্ঞতা ও নির্ধারিত নীতিমালার ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং পদোন্নতি-সংক্রান্ত সিদ্ধান্ত ও নথিপত্র প্রকাশের দাবি উঠেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন