ছবি : সংগৃহীত
সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হচ্ছে। সেই অনুযায়ী আগামী মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’ এবং পরদিন বুধবার (২৭ মে) সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে হজ ও ঈদের তারিখ ঘোষণা করেছে।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। জিলহজ মাসের ৯ তারিখে অনুষ্ঠিত ‘ইয়াওমে আরাফা’ হজের মূল রুকন হিসেবে বিবেচিত হয়। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়ে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।
এরপর জিলহজের ১০ তারিখে মুসলিম বিশ্বে পালিত হয় ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
এদিকে হজকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো হাজির সমাগম ঘটেছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও হজ ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।



