আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
দীর্ঘ প্রায় আড়াই বছরের স্থবিরতা কাটিয়ে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে ১০৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে তারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, মোট ১১২ জন কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় কিছু নথিপত্র অসম্পূর্ণ থাকায় ৯ জন যাত্রা করতে পারেননি। কাগজপত্র সম্পন্ন হওয়ার পর তারাও পর্যায়ক্রমে মালয়েশিয়ায় যোগ দেবেন।
এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মীদের উদ্দেশে হাইকমিশনার বলেন, মালয়েশিয়ার আইন, সংস্কৃতি ও কর্মপরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি তাদের নিরাপদ ও সফল কর্মজীবনের শুভকামনা জানান।
এর আগে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই উদ্যোগের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে। বিদেশগামী কর্মীদের ভাষা শিক্ষার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই কর্মসংস্থান
এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নির্বাচিত কর্মীদের কাউকেই বিদেশে কর্মসংস্থানের জন্য কোনো অভিবাসন ব্যয় বহন করতে হয়নি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নির্বাচন করেছে।
মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের পর ১১২ জনকে চূড়ান্ত করা হয়।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় কর্মরত এসব শ্রমিকের আবাসন, চিকিৎসা ও অভিবাসন-সংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
আসছে আরও কর্মী
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ধাপের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে একই পদ্ধতিতে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের অনুমোদিত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। সেই চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ার পর দীর্ঘদিন শ্রমবাজারটি বন্ধ ছিল। নতুন এই উদ্যোগকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।



