মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মামলায় ৪ বাংলাদেশিসহ ২৬ জনের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া ৩০ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে দোষ স্বীকার করায় ৪ জন বাংলাদেশি ও ২২ জন ইন্দোনেশিয়ানসহ মোট ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাইদাতুল আথিরাহ আজমান এই রায় ঘোষণা করেন।
আদালতের রায় অনুযায়ী, বাংলাদেশি নাগরিকসহ মোট ৮ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড এবং একটি করে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। যথাযথ নথিপত্র ছাড়া অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের কারণে তাদের এই দণ্ড দেওয়া হয়।
অন্যদিকে ১৮ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ইমিগ্রেশন আইনের ১৫(১)(সি) ধারায় পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় আটক হওয়া বাকি ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক নিজেদের নির্দোষ দাবি করায় তাদের বিচার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৫(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের সুঙ্গাই পায়ুং এলাকার একটি পাম অয়েল বাগানে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ৩০ জন অভিবাসীকে আটক করে। অভিযুক্তদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বিচার চলাকালীন আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর দারউইস আগনিয়া হালিম আজিজি প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন, তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।



