দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না জনগণ : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০১:২২ এএম
ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের জনগণ দুর্নীতিতে জড়িত উপদেষ্টাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তিনি দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করছেন, যা এখন সবার কাছে পরিষ্কার।
রবিবার রাজধানীর পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথসভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য 'তারুণ্যের মহাসমাবেশ' সফল করতে এই সভার আয়োজন করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা প্রসঙ্গে আমিনুল বলেন, “তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত এক ব্যক্তি। তার পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তবে পরবর্তীতে কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তা জনগণই ঠিক করবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারের প্রতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। অথচ তারা অজুহাত দিয়ে সেই নির্বাচন বিলম্বিত করছে। জনগণ এসব কূটচাল আর মানবে না।”
তিনি অভিযোগ করেন, “নয় মাস পার হলেও এই সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। বরং দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিয়ে নিজেরাই বিতর্কিত হয়ে উঠেছে। বাংলাদেশের জনগণ আর কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।”
বাংলাদেশের তরুণ ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “দেশে বর্তমানে সাড়ে তিন কোটি তরুণ ভোটার রয়েছে, যারা গত ১৫ বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তারা এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে তাদের সঙ্গে আছি।”
সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাকসহ মহানগর বিএনপির বহু নেতা।
আলোচনায় উঠে আসে নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব। বক্তারা একযোগে দাবি জানান, দেশের ভবিষ্যৎ গঠনে জনগণের মতামত ও অংশগ্রহণই চূড়ান্ত হবে।



