Logo
Logo
×

রাজনীতি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় জনগণ : আমিনুল হক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:৫০ এএম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় জনগণ : আমিনুল হক

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানিয়েছেন, দেশের মানুষ এবং বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।

শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পল্লবী, রূপনগর থানা এবং দুয়ারিপাড়া এলাকার বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা বহুবার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছি— দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে, গত ১৭ বছরে যেমন স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, এখন অন্তর্বর্তী সরকারও একই পথ অনুসরণ করছে।”

আমিনুল আরও বলেন, “মানুষ ১৭ বছর ধরে ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করেছে। তারা ভোট দিতে চায়, তাদের নাগরিক অধিকার ফেরত পেতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে, যেটি পারবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের মুখোমুখি করতে।”

বর্তমান সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “সংস্কারের কথা বলা হলেও বাস্তবে সেই সংস্কারের কোনো প্রতিফলন নেই। অন্তর্বর্তী সরকারের মধ্যে স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়েছে। তারা জনগণের কথা নয়, বরং স্বৈরাচারের ভাষাই শুনছে।”

জিয়াউর রহমানের অবদান স্মরণ করে আমিনুল হক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের বহুক্ষেত্রে যুগান্তকারী সংস্কার করেছিলেন। আজকের সংকটময় সময়েও তারেক রহমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এই রূপরেখার বাস্তবায়নের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন