Logo
Logo
×

রাজনীতি

ইশরাকের বিষয়ে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে: রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:৪৭ পিএম

ইশরাকের বিষয়ে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে: রিজভী

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের এই রায়ের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “আদালতের রায়ে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। এখন আন্দোলনকারীরাই ঠিক করবেন আন্দোলন কীভাবে চলবে।”

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন, আর ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

রায়ের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। তাঁরা জানান, আদালতের রায় অনুযায়ী এখন আর ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই।

অন্যদিকে, রিটকারীদের আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তাঁরা এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ গত ১৩ মে হাইকোর্টে রিট দায়ের করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জারি করা হয়েছে এবং রায়ের কার্যকারিতা নেই, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে।

শুনানিতে কায়সার কামাল প্রশ্ন তোলেন আবেদনকারীর আইনগত অধিকার নিয়ে। তিনি বলেন, “আবেদনকারী প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তাঁর আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তবে আদালত পাল্টা মন্তব্যে বলেন, “আমরা চাইলে স্বতঃপ্রণোদিতভাবেও রুল দিতে পারি।”

মাহবুব উদ্দিন খোকন বলেন, “যখন তাপস বসেছিলেন তখন কেউ আসেনি। এখন হাজারো মানুষ রাস্তায় আন্দোলন করছে ইশরাকের পক্ষে, আর রিটকারীর পক্ষে ১০ জনও নেই।”

তিনি আরও বলেন, “নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে গেজেট প্রকাশ হলে শপথ নিতে বাধা থাকার কথা নয়। এটি আইনানুগ প্রক্রিয়া।”

রিট আবেদনকারীদের দাবি, বর্তমান সরকারের সময় ১২ মেয়রকে সরিয়ে দেওয়ার পর দ্রুত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গেজেট প্রকাশ করা হয়েছে।

তবে আদালত এই যুক্তি আমলে না নিয়ে রিটটি খারিজ করে দেয়।

আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তাঁরা দ্রুত আপিল বিভাগের দ্বারস্থ হবেন।

এই রায়ের মাধ্যমে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের পথ সুগম হলো, তবে আইনি লড়াই এখানেই শেষ নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন