Logo
Logo
×

রাজনীতি

গণভোটের রায় উপেক্ষা করলে ঐক্যের উদ্যোগ ভঙ্গুর হবে: শফিকুর রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

গণভোটের রায় উপেক্ষা করলে ঐক্যের উদ্যোগ ভঙ্গুর হবে: শফিকুর রহমান

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি উপেক্ষা করে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। এ জন্য নতুন করে ঐক্যের প্রক্রিয়া শুরুর প্রয়োজন নেই। তবে জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়কে পাশ কাটিয়ে ঐক্যের চেষ্টা করলে তা বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না।

আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘চব্বিশে যেমন সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের আর কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় শিষাঢালা ঐক্য তৈরি হয়ে যাবে। কিন্তু মূল বিষয়টিকে উপেক্ষা করে যদি ঐক্যের প্রয়াস সরকার চালায়, এটি ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী হবে। এটা বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না।’

এ ধরনের পরিস্থিতিতে অতীতের ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ খুঁজবে বলেও সতর্ক করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অতীতের ফ্যাসিবাদীরা এই সুযোগ খুঁজবে। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, সরকার এই সুযোগ ফ্যাসিবাদীদের দেবে কি না? বাংলাদেশের জনগণ পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা নতুন ফ্যাসিবাদ কায়েম হোক—কোনোটাই দেখতে চায় না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারা বসবেন, তবে কোনো দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা, পরিচ্ছন্ন সমাজ গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করে একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের প্রয়োজনীয়তা তারাও অনুভব করেন। তবে সেই ঐক্যের ভিত্তি জাতির সামনে স্পষ্ট হতে হবে।

এদিকে, প্রতিবেশী কোনো কোনো দেশের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে কোনো কোনো প্রতিবেশী দেশ অতি উৎসাহে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছে। কেউ কেউ বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকিও দিচ্ছে। এ বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি, অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, একটি দেশের সীমান্ত রক্ষা, মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষা এবং নাগরিকদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এসব দায়িত্ব পালনে সরকার কতটা সফল, জনগণই তার বিচার করবে।

জামায়াত আমির বলেন, তাদের অঙ্গীকার হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করা এবং আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। দেশের যুব সমাজকে সামনে এনে দেশ গঠনে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন