ব্যবসায়ীদের সঙ্গে মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের মতবিনিময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
রাজধানীর বারিধারায় বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর ইন্ট্রো কনভেনশন সেন্টারে বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা সাংগঠনিক থানা আমির ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল বাসারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপসংস্কৃতি ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে বিপথগামী করে তোলে। একটি সুষ্ঠু ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তুলতে হলে কোরআন ও ইলমের চর্চা এবং সুনাগরিক তৈরির কাজে অর্থ ব্যয় করতে হবে। সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন।
তিনি বলেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে না, সেখানে ন্যায়বিচার ব্যাহত হয় এবং দুর্নীতি ও বিভিন্ন অপরাধের প্রবণতা বৃদ্ধি পায়। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম কখনো সহজ নয়। এ জন্য ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জীবনযাপন ও দৃষ্টান্ত তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, ডা. শফিকুর রহমান সংসদ থেকে প্রাপ্ত অর্থ প্রতি মাসে একটি কওমি মাদ্রাসায় দান করেন। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। সংসদের ৩০০ সদস্য নীতি-নৈতিকতার চর্চা করলে দেশের চিত্র অনেকটাই বদলে যেত।
তিনি আরও বলেন, তাঁরা এমন নাগরিক তৈরি করতে চান, যাঁরা আল্লাহর ভয়, নৈতিকতা ও সততার ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। সমাজ পরিবর্তনের লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। তাঁদের তৈরি করা ব্যক্তিরা যেখানেই দায়িত্ব পালন করছেন, সেখানেই সততা ও দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ টেনে সেলিম উদ্দিন বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি সরকার তা করেনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো কেউ নেই। তাঁরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মোল্লা, অফিস সম্পাদক নাসির উদ্দিন তারেক, সমাজকল্যাণ সম্পাদক এস এম মোবারক হোসাইন, মজলিসে শূরা সদস্য মো. কাইয়ুম উদ্দিন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা।



