পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলে যারা আছেন, তাদের চিন্তা করতে হবে যে, বিএনপি সরকারি দল। ৬ মাসে সব কাজ করা সম্ভব না। তাহলে বিরোধী দল এখন কথায় কথায় মিছিল-মিটিং করবে, লংমার্চ-রোডমার্চ করবে। এটা কী মানানসই?’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে উনারা বলেছেন, তারা আল্লাহর দল। উনারা আপনাদের জান্নাত দিতে পারবে। তারা এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে। আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে কোনো দল কী জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ইমান এবং আকিদার ব্যাপার। এটা আল্লাহর হুকুম।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার, রাবেয়া বেগমসহ অনেকে।



