ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মির্জা ফয়সল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর মির্জা ফয়সল আমিন বলেন, ‘ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।’
জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলোয়ার হোসেন ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
এদিকে নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



