Logo
Logo
×

রাজনীতি

বিদেশে সম্পদের প্রমাণ মিললে রাজনীতি ছাড়বেন আসিফ মাহমুদ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

বিদেশে সম্পদের প্রমাণ মিললে রাজনীতি ছাড়বেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন, বিদেশে তার নামে কোনো অর্থ, সম্পদ বা বিনিয়োগের প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং যা শাস্তি দেওয়া হবে তা মেনে নেবেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ, ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেব।”

তিনি দাবি করেন, সরকারের বিদেশে সম্পদ অনুসন্ধানের সক্ষমতা রয়েছে এবং অতীতে অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর সম্পদের তথ্য বের করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তিনি সমালোচনা করেন।

এর আগে দুদক তার বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচার, উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ, নিয়োগ বাণিজ্য ও টেন্ডার সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিলাসবহুল ভিলা ও ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি।

দুদক আরও জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পে ১০–৩০ শতাংশ কমিশন গ্রহণ এবং প্রশাসক ও ডিসি পদায়নে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে যোগ দেন আসিফ মাহমুদ। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন এবং বর্তমানে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন