শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে নতুন নেতৃত্বের আলোচনা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ কাউন্সিলে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের দায়িত্ব ছাড়েন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পান রুহুল কবির রিজভী।
রিজভীকে ইতোমধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ফলে আসন্ন কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হবে কিনা, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। পাশাপাশি মহাসচিব পদে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নামও আলোচনায় রয়েছে।
কাউন্সিলের আগে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের শূন্য পদ পূরণের বিষয়েও আলোচনা চলছে। এ পদে হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এবং ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নাম শোনা যাচ্ছে। তবে শীর্ষ নেতৃত্ব এখনো কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে জাতীয় কাউন্সিল বিলম্ব হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য করে কার্যক্রম চলছে। কারণ ওই সময়ে সরকারের এক বছর পূর্তি হবে এবং শীতকাল হওয়ায় প্রস্তুতি গ্রহণও সহজ হবে।
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। একই কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের মার্চে। নিয়ম অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও এক দশকেও তা সম্ভব হয়নি। তবে এ সময়ে নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে এবং নতুন মুখ যুক্ত হয়েছেন।



