চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফিরছেন।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে গভীর রাতেই দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়।
১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা নেয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কয়েক মাস ধরে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়ার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন দলীয় সূত্র। মেডিক্যাল বোর্ডের পরামর্শে দেশে ফিরে তিনি পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।



