গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের পদযাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। কর্মসূচি শেষে সংসদে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো হুবহু আইনে পরিণত করা এবং ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হবে।
পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টি ও এনসিপির নেতাসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বিকাল তিনটার দিকে বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। তিনি গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান।
সমাবেশে সমাপনী বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, সংসদের সামনে পদযাত্রা শেষ হবে এবং সেখান থেকে একটি প্রতিনিধিদল স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।



