বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ পদটি শূন্য হয়ে পড়েছিল।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।
রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন, এছাড়া আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট তাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।



