সোহেল তাজের আহ্বান: শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম
তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের সম্মুখীন হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।”
রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করে সোহেল তাজ ভিডিও বার্তাটি দেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ প্রত্যক্ষদর্শী যে গণহত্যা এই গণভবন থেকে পরিচালিত হয়েছিল। হাজার হাজার আহত ও নিহত মানুষের স্বজনরা আজ এখানে এসে সেই ইতিহাস দেখছেন।”
তিনি আরও উল্লেখ করেন, শুক্রবারে জাদুঘরে প্রচণ্ড ভিড় ছিল এবং প্রতিদিনই সেখানে দর্শনার্থীদের ভিড় থাকে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলবল নিয়ে বাংলাদেশে ফিরবেন। আমি মনে করি জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসেন, বিচারের সম্মুখীন হন।”
ভিডিওতে তিনি জাদুঘরের সামনে দীর্ঘ সারির দৃশ্যও তুলে ধরেন, যেখানে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছিলেন। সবশেষে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।”



