বিএনপি সরকার তাদের ইচ্ছেমতো দেশ পরিচালনা করছে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরকে কৃষির রাজধানী বানানোর। তবে সরকার গঠন করতে না পারায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে বিএনপি সরকার তাদের ইচ্ছেমতো দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, উত্তরাঞ্চলকে পিছিয়ে রাখতে সরকার ইচ্ছাকৃতভাবে পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “এই বোনারপাড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের দুই নেতাকে হত্যা করা হয়েছে। তারা সন্ত্রাসী ছিলেন না, খারাপ মানুষ ছিলেন না। তারপরও তাদের জীবন দিতে হলো। দেশে খুনের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না।”
ক্ষমতার লোভ ও দখলদারির কারণে দেশে খুনের ঘটনা বাড়ছে উল্লেখ করে তিনি জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই, যেখানে মায়েরা-বোনেরা এবং সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে।”
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে তিনি বলেন, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়েছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
এর আগে তিনি নিহত জামায়াত-শিবির নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন।
গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সংসদ সদস্য মো. আবদুল করিম, মাজেদুর রহমান, মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।



