৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
জনগণের অধিকার আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে নিত্যপণ্যের দাম প্রত্যাহারের দাবি জানান তিনি।
কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে। তিনি ছাত্রদলের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন।
অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ১০ দফা জনদাবি তুলে ধরে ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে রয়েছে—
- গত তিন মাসে আদায় করা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানি আয়োজন, দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
- প্রিপেইড ও পোস্টপেইড মিটারে অযৌক্তিক চার্জ বাতিল এবং অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়া।
- গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করা।
- নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নেওয়া।
- মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত ও বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
- গ্যাসের সিস্টেম লস, চুরি ও অপচয় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
- শিল্প ও ব্যবসায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
- জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
কর্মসূচিতে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



