‘আমরা ফেরেশতা নই, ভুল হতে পারে’: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ফেরেশতাদের দল নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে একটি বিষয় পরিষ্কার—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।”
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, এর অর্থ এই নয় যে জামায়াত কোনো ভুল বা অন্যায় করে না। তিনি আহ্বান জানান, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন তারা যদি কোনো অন্যায় বা অপরাধ দেখতে পান, তা যেন সরাসরি জানিয়ে দেন। তিনি প্রতিশ্রুতি দেন, “আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।”
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”
তিনি আরও বলেন, সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে পুনরায় দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে গুরুতর মাত্রার লঙ্ঘন হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তার ভাষায়, “সাবধান, সবাই সাবধান।”



