এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আজ তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
শায়রুল কবির খানের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা, অসুস্থতার কারণ বা চিকিৎসা বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।



