জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ছাড়াও তার রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অংশ নেন।
পাকিস্তান হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে শিক্ষা কাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
বৈঠকে জানানো হয়, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করবে। এর মধ্যে ৭৪ জন ইতোমধ্যে পাকিস্তানে গেছেন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় বাড়াতে ‘নলেজ করিডোর’ প্রকল্পকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
পাকিস্তান হাইকমিশনার সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক জোরদারের আহ্বান জানান। আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিতে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।



