Logo
Logo
×

রাজনীতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া এখন অত্যন্ত জটিল ও শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে, যেখানে মুহূর্তের মধ্যেই একজন রাজনীতিক বা সাধারণ মানুষের চরিত্রহনন সম্ভব হচ্ছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকতা আজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা। সমাজ ও রাষ্ট্রের সত্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে অন্তত ৫০০ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং দেশের প্রায় সব জায়গায় গণমাধ্যমকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বহু সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে বাস্তবতা আরও কঠিন, কারণ সত্য সংবাদ প্রকাশ করলে প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থে আঘাত হানলে সাংবাদিকদের ওপর নেমে আসে নির্যাতন।

তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিভক্তি থাকলে শোষকদের সুবিধা হয়। পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অপসাংবাদিকতা একটি রাষ্ট্রকে মুহূর্তে ধ্বংস করতে পারে, তাই তথ্য যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, প্রবীণ সাংবাদিক ফজলে ইমাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বক্তব্য দেন। এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন