সংসদে নতুন অধ্যায় শুরু, সবার দোয়া চাইলেন মাহমুদা মিতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:০৬ এএম
ডা. মাহমুদা আলম মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে তার। এ উপলক্ষে দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।
গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লিখেছেন তিনি।
পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার কাছে ছোট ভাইয়ের মতো হলেও সংসদে প্রথম দিনের অভিজ্ঞতায় তিনি অভিভাবকের মতো পাশে ছিলেন। প্রথম পরীক্ষার দিনে পরিবারের সদস্যরা যেভাবে সাহস ও দিকনির্দেশনা দেন, সেভাবেই তিনি তাকে পথ দেখিয়েছেন এবং সংসদের বিভিন্ন দিক চিনিয়ে দিয়েছেন।
তার ভাষ্য, নাহিদ ইসলামের দায়িত্ববোধ আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে তাকে। এতে তার ভালো লাগার পাশাপাশি বেড়েছে আত্মবিশ্বাসও।
মাহমুদা মিতু আরও লেখেন, জীবনের পথচলায় তিনি অনেক মানুষের স্নেহ, মায়া ও ভালোবাসা পেয়েছেন। সবার দোয়ায় আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। নতুন এই দায়িত্ব পালনে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন দেশ ও জনগণের জন্য।



