এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে যা বললেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
সারা দেশে একযোগে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন। পোস্টে তিনি লেখেন, “এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমাদের জন্য অনেক দোয়া। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।”
তিনি আরও লেখেন, আল্লাহ যেন পরীক্ষার্থীদের পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দেন এবং সুস্থতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন।
প্রসঙ্গত, এ বছর প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।



