স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে—
১. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২. ২৬ মার্চ ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।
৩. জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
৪. আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিরা আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
৫. ইতোমধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
৬. সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্য কর্মসূচির আয়োজন করবে।
৭. অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হয়েছে সংবাদ সম্মেলনে।



