ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত। রোববার এ আদেশ দেওয়া হয়।
এর আগে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় এসব বক্তব্য ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে পাটওয়ারীর দেওয়া বক্তব্য ভাইরাল হয়, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট।



