ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ শনিবার (৭ মার্চ) পালিত হচ্ছে। ২০০৭ সালের এই দিনে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে।
গ্রেপ্তারের পর রিমান্ডে তারেক রহমানকে শারীরিক ও মানসিকভাবে অমানবিক নির্যাতনের শিকার হতে হয় বলে বিএনপি নেতারা অভিযোগ করেন। তাদের দাবি, সেই নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে যায়। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান।
বিএনপি নেতাদের অভিযোগ, ১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সময়েও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শতাধিক মামলা দায়ের করা হয়। তাদের দাবি, এসব মামলার কোনো ভিত্তি নেই এবং উদ্দেশ্য ছিল তাকে রাজনীতি থেকে দূরে রাখা। দীর্ঘ নির্বাসন ও আইনি লড়াই শেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।



