এমপি ও মন্ত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রথমবারের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশান কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। এতে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
দুদিনের এই প্রশিক্ষণে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির কৌশল তুলে ধরা হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনকে কেন্দ্র করেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হবে কর্মশালায়। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।



