প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।
জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ছিল দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিষ্ঠার এক বছরের মাথায় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কর্মসূচি তুলে ধরে বলেন, ২৮ ফেব্রুয়ারি দলটির এক বছর পূর্তি উপলক্ষে গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠান।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল শুরু হবে। সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে সম্মিলিত ইফতারের আয়োজন থাকবে। পাশাপাশি চিত্রপ্রদর্শনী, গত এক বছরে দলের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রোমো ‘স্ট্রিট ওয়াল’ এবং একটি ফটো বুথের ব্যবস্থাও থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে ইফতার আয়োজন করা হবে। এছাড়া ৩ মার্চ কুমিল্লায়ও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দলের নেতাকর্মী, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও বিভিন্ন গুণীজন অংশ নেবেন বলে জানিয়েছে এনসিপি।



