স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবে দলটি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
তিনি বলেন, “আমরা নতুন গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছি। নানা প্রতিকূলতা অতিক্রম করে এনসিপি এখন তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”
সারজিস আলম জানান, উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে যাচাই-বাছাই শেষে কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে, তারাই মূল্যায়ন পাবেন। এখন পর্যন্ত এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটভিত্তিক নির্বাচন হবে কি না, সে বিষয়ে শেষ সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”



