নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এ মন্ত্রিসভায় প্রথমবারের মতো নির্বাচিত অনেক সংসদ সদস্য স্থান পেলেও বিএনপির দীর্ঘদিনের প্রভাবশালী বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বাদ পড়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।
তাদের মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।



