নির্বাচনী ব্যানার-পোস্টার নিজেই সরালেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
বরিশালের গৌরনদীতে নয়, ঢাকার মিরপুর-কাফরুল এলাকায় নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, দলীয় প্রধান ডা. শফিকুর রহমান নিজ নেতৃত্বে ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচারণার ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জয় পেয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি মোট ৮৫ হাজার ১৩১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পান ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
ঢাকা–১৫ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন চারজন। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



