ঠাকুরগাঁও জেলা আমিরকে নাটক সাজিয়ে আটক করার অভিযোগ জামায়াতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নাটক সাজিয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আমাদের একজন দায়িত্বশীল নেতা ব্যবসার প্রয়োজনে নগদ অর্থ নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। ব্যবসার প্রয়োজনে টাকা বহন করা স্বাভাবিক হলেও এয়ারপোর্টের মতো একটি সীমিত এলাকায় নাটক সাজিয়ে তাকে আটক করা হয়েছে।
জুবায়ের অভিযোগ করেন, এ ধরনের আচরণ মানসিক নির্যাতনের শামিল। তিনি একজন বয়স্ক মানুষ, মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, জামায়াতকে বিতর্কিত করার জন্যই এ ধরনের অপপ্রয়াস চালানো হচ্ছে। জামায়াত সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একদল লোক একের পর এক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
উল্লেখ্য, বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। তার কাছে নগদ অর্থ ছাড়াও বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। আটককালে তিনি জানান, অর্থগুলো তার গার্মেন্টস ব্যবসার।



