মোবাইল নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে না দেওয়ার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ইসি একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না করলে আগামীকাল ইসি ঘেরাও করা হবে।”
তিনি অভিযোগ করেন, ইসি পক্ষপাতিত্ব করলে পরিস্থিতি অতীতের ফ্যাসিস্ট আমলের চেয়েও ভয়াবহ হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। নাহিদ ইসলাম বলেন, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের বিজ্ঞাপন প্রচার করছে, অন্যদেরটা নিচ্ছে না। এটি নৈতিক নয়।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে দেশের বেশিরভাগ গণমাধ্যম ফ্যাসিবাদের দালালি করেছে এবং নির্বাচন হরণের বৈধতা তৈরি করেছে। গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা বলেছেন বাধ্য হয়েছেন। আমরা জানতে চাই কে আপনাদের বাধ্য করেছে। জনসম্মুখে সাহস করে বলুন। যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নেব আপনারা নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন।”



