যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই মানুষকে বিভ্রান্ত করছে : খোকন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী নির্বাচনের ওপর নির্ভর করবে দেশ, জাতি ও গণতন্ত্র। যারা ইতোপূর্বে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা করেছে তাদের আজকে অস্তিত্ব নেই। আজকে যারা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা মানুষকে বিভ্রান্ত করছে। তারা যদি সুযোগ পায় তাহলে দেশের অবস্থা কি হবে বুঝতে হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদীর দক্ষিণ কান্দাপাড়ায় নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন : যারা দীর্ঘ ১৭ বছর স্বাধীনতা-গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের ভোট চাওয়ার অধিকার বেশি। যারা ধর্মের দোহাই আর জান্নাতের কথা বলে বিভ্রান্ত করছে তারা গভীর ষড়যন্ত্রে লীপ্ত হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ব্যালটপেপার ও সীল তৈরী করছে, ব্যালট পেপার ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দিতে হবে। যদি জনগণের ভোট নিয়ে কেউ ছিনিমিনে খেলতে চায়, জনগণকে সাথে নিয়েই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তারা এখনো বাংলাদেশকে স্বীকার করে না।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধর্মান্ধ এই জঙ্গিগোষ্ঠী আবার যদি সুযোগ পায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয়। একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রেরা এই দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে। জামায়াতকে উদ্দেশ্য করে খায়রুল কবির খোকন বলেন, আপনারাতো মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাশেকেই স্বীকার করেন নাই। এখনো পযর্ন্ত আপনারা জাতীয় সৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে যান না। জাতীয় সংগীত গান না।
তিনি বলেন, তারা বাংলাদেশকে স্বীকার করে না। তারা বিভ্রান্তি তৈরি করছে। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায়, এই দেশের অনেক বড় ক্ষতি হবে।
খোকন বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো দল এই ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এই প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ স্থানীয় এলাকাবাসী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



