নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ রোববার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
আগামী রোববার রাজধানী ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবে। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।
রিজভী আরও জানান, ‘আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’ এ সময় দেশ ও গণতন্ত্রের জন্য এবার জনগণ ধানের শীষে ভোট দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।



