সাত বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এসব মিছিলে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, শুক্রবারের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সিলেটে নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে (মোমেনশাহী) সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ নেতৃত্ব দেবেন।
ঘোষিত দাবি আদায়ে কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।
জামায়াতের পাঁচ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।



