তরুণ নেতৃত্বে ভবিষ্যৎ গড়ার আহ্বান তারেক রহমানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো ভিন্নধর্মী ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান লেখেন, বিএনপি নিজ ঐতিহ্যকে ধারণ করে একটি শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, "তরুণরা বাস্তব সুযোগ চায়, ফাঁকা বুলি নয়। জনগণ স্থিতিশীলতা চায়, বিশৃঙ্খলা নয়। আমরা চাই বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র"।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান বলেন, "প্রতিটি ভোটারের আস্থা অর্জন বিএনপির অন্যতম দায়িত্ব। এজন্য দল তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করছে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলছে"।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, কেউ বহিষ্কৃত। তিনি বলেন, "শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি"।
তারেক রহমান আরও বলেন, "তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা নয়, বরং অংশগ্রহণমূলক মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে"।
তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপির নীতিমালা গড়ে উঠেছে। নারী, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে চায় দল।
তারেক রহমান বলেন, "আমরা ইতিহাসকে অস্বীকার করি না, বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই"। তিনি শহীদ প্রেসিডেন্ট **জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী লড়াইয়ের কথা তুলে ধরেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ হই। আমি আপনাদের ওপর যেমন আস্থা রাখি, আপনারাও আমার ওপর রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে”।
তারেক রহমানের এই বার্তা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা ও তরুণ নেতৃত্বের প্রতি দলের অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরেছে।



