নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দল দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণকে প্রশ্রয় দেবে না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ বার্তা দেন।
তারেক রহমান জানান, ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন।
তিনি লেখেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এসব সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটি ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি।
বিএনপি নিজেদের সদস্যদের দায়বদ্ধতার মাধ্যমে সততার বার্তা দিয়েছে উল্লেখ করে তারেক বলেন, ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করে, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করানো হচ্ছে।
তিনি জানান, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে দলের নীতিমালা ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে সাজানো হয়েছে।
তারেক রহমান বলেন, আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে— বিভাজন বা সুবিধাভোগের প্রতীক নয়।
তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করে বলেন, তাঁদের স্বপ্নের ভিত্তিতেই বিএনপি নতুন যুগে প্রবেশ করছে, যেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান— আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল।



