Logo
Logo
×

রাজনীতি

পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের এজেন্ডা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের এজেন্ডা

দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবি, পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই আসলে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ডা. জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করছেন।

জামায়াতের মতে, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক পদ্ধতি, যা বর্তমানে প্রায় ৯১টি দেশে কার্যকর। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাদের বড় অংশ এটি সমর্থন করছে। অথচ একটি মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র শক্ত ভিত্তি না পায়।

বিবৃতিতে বলা হয়, জুলাই সনদ শুধু রাজনৈতিক প্রস্তাব নয়, বরং গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোও ভারত-আওয়ামী লীগের কৌশলের অংশ।

জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে, এতে সংসদে সব মতাদর্শের প্রতিফলন ঘটবে, জাতীয় স্থিতিশীলতা আসবে এবং গণতন্ত্র সুসংহত হবে। জুবায়ের বলেন, শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে।

দলটি মনে করে, পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাকারীরাই আসলে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই গণমাধ্যমকে বিভ্রান্তি না ছড়িয়ে গণতন্ত্র শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন