পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দা জানালেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই পদক্ষেপকে “হৃদয়বিদারক” উল্লেখ করে বলেন, এতে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ঔপনিবেশিক দমন-পীড়নের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে আসছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বর্ণবাদী নীতিকে “ঘৃণ্য” বলে অভিহিত করেন এবং বলেন, “ফিলিস্তিনিদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর এই আগ্রাসন গণহত্যা ও জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয়।”
তিনি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “বর্তমান ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।”
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন, যাতে গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যার বিষয়ে রায় প্রদান করা হয়। তাঁর মতে, ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন।
এই বক্তব্যে তারেক রহমান বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।



