Logo
Logo
×

রাজনীতি

শান্তিপূর্ণভাবে সম্পন্ন ৩৮তম ডাকসু নির্বাচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

শান্তিপূর্ণভাবে সম্পন্ন ৩৮তম ডাকসু নির্বাচন

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, যা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটে কোনো সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি, যা শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের জন্ম দিয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা জানান, কবি জসিম উদদীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে ভোট দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।

অন্যদিকে, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে একই সময়ে ৮২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। কেন্দ্রটিতে বেলা আড়াইটা পর্যন্ত ৪ হাজার ভোট কাস্ট হয়েছে।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ১৮,৯৫৯ জন ছাত্রী এবং ২০,৯১৫ জন ছাত্র। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী রয়েছেন। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদে ভোটে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে ডাকসু নির্বাচন নতুন উদ্দীপনার সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন