ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় এ তথ্য জানিয়েছেন কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।
তিনি জানান, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে ১৯টি বুথে প্রতিটি বুথে গড়ে ১২০ জন ভোট দিয়েছেন, যার ফলে মোট ভোট পড়েছে প্রায় ২,২৮০টি। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৫,৬৬৫ জন।
নাসরিন সুলতানা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হতে পারে।
ভোট শুরুর আগে থেকেই বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই টিএসসি কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, যা নির্বাচনের প্রতি তাদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



